শোকাবহ আগস্টে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:০৩

বাঙালির জীবনে আগস্ট মানেই শোকের মাস, বেদনার মাস। বছর ঘুরে আবার এসেছে জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট। আগামীকাল শনিবার আগস্টের প্রথম দিন। শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপিত হবে বাঙালি। কৃতজ্ঞ বাঙালি জাতি মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসেই। ১৯৭৫ সালের এই মাসেই বাঙালি হারায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট কালরাতে একাত্তরের পরাজিত ঘৃণ্য নরপশুরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একে একে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে। জঘন্যতম এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেনি বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, কর্নেল জামিলসহ ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন।

পিতাকে হারানোর সেই দুঃসহ স্মৃতি ৪৫টি বছর বয়ে নিয়ে বেড়াচ্ছেন তার সুযোগ্য উত্তরাধিকারী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। আগামী ১৫ আগস্ট জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবে আওয়ামী লীগ। প্রতিবারের মতো এবারও শোকার্ত বাঙালি জাতির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। করোনা মহামারির সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি পালিত হবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার শোকের মাসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোর মিছিল কর্মসূচি। একই সময়ে ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন করা হবে। পহেলা আগস্ট বিকাল ৩টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের উদ্যোগে রক্তদান ও প্লাজমা সংগ্রহ কর্মসূচি এবং মাসব্যাপী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। একই দিন পবিত্র ঈদুল আজহার নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সব স্তরের নেতাকর্মী, সমর্থক, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিজস্ব কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার অনুরোধ জানিয়েছেন।