রাজধানীতে প্লাজমা প্রতারক চক্রের সদস্য হূদয় আহম্মেদ (২৩) গ্রেফতার হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার সফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হূদয় ও তার অপর সহযোগীরা সুকৌশলে ফেসবুকে প্লাজমা আবেদনের বিভিন্ন গ্রুপ খুলে করোনা রোগীদের আত্মীয়স্বজনের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে প্লাজমা প্রদান করবে বলে জানায়। বিনিময়ে তাদের যাতায়ত খরচ ও প্লাজমা বিক্রি বাবদ আগাম টাকা প্রদান করতে হবে। তাদের প্রতারণার ফাঁদে পড়ে অনেক রোগীর আত্মীয়স্বজনেরা বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের টাকা প্রদান করেন। টাকা হাতে পাওয়ার পর প্রতারকরা ভুক্তভোগীদের মোবাইল ফোন নম্বর ব্লক করে দিতেন এবং কখনোই রোগীদের প্লাজমা প্রদান করতেন না। এভাবে তারা বিগত দুই মাস ধরে শতাধিক মানুষকে প্লাজমা দেবে বলে প্রতারণা করে আসছিল। এ গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, হূদয়ের অপর সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আজ তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
