আর্সেনালের সহজ জয়
স্পোর্টস ডেস্ক
জয় দিয়ে ইংলিশ ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের আপাতত ইতি টানলেন চেলসির স্প্যানিশ মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাস। দুই দফায় ১৪ বছর ফ্যাব্রেগাস খেলেছেন ইংল্যান্ডে। শনিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে আলভারো মোরাতার জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারায় তার দল। প্রতিযোগিতার অন্য ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে ব্ল্যাকপুলকে।
জানুয়ারির মধ্যবর্তী দলবদলে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে মোনাকোয় পাড়ি জমাতে যাচ্ছেন ফ্যাব্রেগাস। তাই নটিংহ্যামের বিপক্ষে ম্যাচটিই ছিলো চেলসির হয়ে তার শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী পরে খেলতে নামা ফ্যাব্রেগাস গোল দিয়েই রাঙাতে পারতেন শেষটা। কিন্তু ৩০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার। তার নেয়া দুর্বল শটটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে চ্যাম্পিয়নদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেন মোরাতা। ম্যাচের ৪৯ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ২৯ নভেম্বরের পর এটি ছিল তার প্রথম গোল। ৫৯ মিনিটে দর্শনীয় হেডের সাহায্যে দ্বিতীয় গোলটি করেন মোরাতা। ফলে ২-০ ব্যবধানের জয় নিয়েই প্রতিযোগিতা শুরু করে শিরোপাধারীরা।
দিনের অন্য ম্যাচে ব্ল্যাকপুলের বিপক্ষে সহজ জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। তরুণ মিডফিল্ডার জো উইলকের নৈপুণ্যে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় কোচ উনাই এমেরির দল। একাদশ মিনিটে অ্যারন র্যা মজির ফ্রি-কিকে পোস্টে প্রতিহত হলে ফিরতি বল হেডে ঠিকানায় পাঠান উইলক। ৩৭তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার আবারও লক্ষ্যভেদ করলে দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে গানাররা। ৮২তম মিনিটে অ্যারন র্যা মজির শট আগুয়ান গোলরক্ষক ঠেকানোর পরও বল চলে যায় গোলমুখে, ছুটে গিয়ে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন নাইজেরিয়ার মিডফিল্ডার আলেক্স আইওবি। ফলে ৩-০ গোলের সহজ জয় পায় এমেরির শিষ্যরা। এছাড়াও ব্রাইটন ৩-১ গোলে বোর্নমাউথকে, সোয়ানসি সিটি ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে, এভারটন ২-১ গোলে লিংকন সিটিকে, ক্রিস্ট্যাল প্যালেস ১-০ গোলে গ্রিন্সবাই টাউনকে পরাজিত করেছে।
