ফকিরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৫:২৬

বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাগেরহাটের সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হাসানের ছেলে রুহুল আমিন (২৮) ও চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর (২৯)।  

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই প্রতিবেদককে বলেন, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে কিছু সময়ে জন্য যানজটের সৃষ্টি হয়।


ইত্তেফাক/ইউবি