সাতক্ষীরা প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা গৃহবধূকে গণধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধীরা কোনো দলের নয়। তারা অপরাধ জগতের মানুষ। তাদের শাস্তি পেতেই হবে। তাদের এমন কঠিন শাস্তি দিতে হবে যাতে আর কোনো অপরাধী যাতে এ ধরনের অপরাধ আর না করতে পারে। বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
