চামড়া শিল্পনগরীর তরল বর্জ্যের মান নির্ধারিত মানের মধ্যে রয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০২০, ২২:৩৭

সাভারে অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর পরিশোধিত তরল বর্জ্যের ইনগ্রেডিয়েন্টসের মান পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান-মাত্রার মধ্যে পাওয়া গেছে। রবিবার সাভারে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্প সচিব কে এম আলী আজম।

তিনি বলেন, ইতোমধ্যে সিইটিপির অটোমেশন মনিটরিং কন্ট্রোল ছাড়া এটি ফুল ফাংশনাল রয়েছে। ঈদুল আজহা পরবর্তী অতিরিক্ত চাপ মোকাবেলার জন্য ৫টি কমিটির মাধ্যমে শিল্পনগরীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জনবলসহ যানবাহন প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিসিক চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অবস্থা পরিদর্শনের জন্য শিল্প সচিব এ সফর করেন। এ সময় তিনি চামড়া শিল্প নগরী প্রকল্পের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল জেভি এবং পরামর্শক প্রতিষ্ঠান বুয়েটের বিআরটিসি’র সঙ্গে জরুরি সভায় মিলিত হন ও শিল্পনগরীর সার্বিক কার্যক্রম প্রসঙ্গে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, ঈদের দিন রাত থেকেই সাভার চামড়া শিল্পনগরীতে চামড়া বোঝাই ট্রাক আসা শুরু হয়েছে।

বিসিকের চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিসিকের পরিচালক(অর্থ) স্বপন কুমার ঘোষ ও প্রকল্প পরিচালক প্রকৌশলি জিতেন্দ্র নাথ পাল এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি