আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন

গাংনীতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকা দীর্ঘ হচ্ছে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই রাজনৈতিক মাঠে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এবার গাংনীতে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা দীর্ঘ হতে পারে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যেই লবিং শুরু হয়েছে। কারা হতে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা শহরের বিভিন্ন জায়গায়, হাটবাজার ও  চায়ের দোকানে নানা গুঞ্জন, শোনা যাচ্ছে একাধিক প্রার্থীর নাম।

শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারে প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, জেলা মহিলা লীগের সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, জেলা সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন ও গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার রাজনৈতিক মাঠ উত্তপ্ত হতে পারে। বিশেষ করে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এম এ খালেক জাতীয় সংসদ নির্বাচনে জায়গা করতে না পেরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী হতে চাওয়ায় নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ফলে রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিয়েছে। সকলেই রাজনীতি করে একজন আরেকজনকে টপকে যেতে মরিয়া হয়ে উঠেছে। গাংনীর রাজনীতিতে কে জায়গা করে নিতে পারবেন সেটিই এখন দেখার বিষয়। এছাড়া, বিএনপি থেকে প্রার্থী কে হবেন তা জানা যায়নি।