ঠাকুরগাঁওয়ে পৌষ মেলা ও পিঠা উত্সব

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহায়তায় ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের আয়োজনে তৃতীয় পৌষ মেলা ও ১০ম লোকায়ন পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সদর উপজেলার আকচা এলাকায় লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর চত্বরে এই উত্সবের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম পিঠা উত্সব ও পৌষ মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আখতারুজ্জামান, এডিএম শিলাব্রত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ। পিঠা উত্সব উপলক্ষে লোকায়ন জাদুঘর চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এছাড়াও পৌষ মেলা উপলক্ষে ভাওয়াইয়া গান, দেশের গানের এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উত্সবে বিভিন্ন স্কুলের ১২টি স্টলে পাঁচ শতাধিক বিভিন্ন প্রকার পিঠা স্থান পায়।