স্ত্রীসহ করোনা আক্রান্ত রংপুর সিটি মেয়র মোস্তফা

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৬:০৯

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং তার স্ত্রী জেলি রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) রাতে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুর কাইয়ুম। 

তিনি জানান, শনিবার (১আগস্ট) নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমানের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

আরও পড়ুন: কুমিল্লা মেডিক্যালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

গত সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মেয়র ও তার স্ত্রী নগরীর খামার মোড় এলাকার নিজ বাড়িতে আইসোলেসনে আছেন বলে জানান আব্দুল কাইয়ুম।

এদিকে মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমানের আশু রোগ মুক্তির জন্য নগরবাসী তথা দেশবাসীর কাছে তার পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম