মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৪আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। তাদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে।
স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
তিনি আরও জানান, তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি মনির হনুফার বোনের ছেলে। তারা মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম

