লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. শাহজাহান (৬৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাওয়ার পথে মঙ্গলবার (৪আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি এলাকায় তিনি মারা যান।
তার বাড়ি চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকায়। তিনি ওই এলাকার হাজী আলী আহমদের ছেলে। শাহজাহান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং একই ইউনিয়নে দীর্ঘসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে দাউদকান্দি এলাকায় তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, উপসর্গ নিয়ে শাহজাহান মারা যাওয়ার বিষয়টি তিনি জানেন না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএএম
