রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:১৪

এ টি এম আলমগীর

কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম নিবাসী মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীর (৭১) অসুস্থতাজনিত কারণে সোমবার রাত ৯টায় রাজধানীর গ্রীন লাইফ হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে যান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শহীদ উল্লাহ মাস্টার

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে নামাজে জানাজায় সীমিতসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। শনিবার বিকাল চারটায় বাবুরহাট বাজারসংলগ্ন নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন।