পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশুদ্ধ বায়ুর সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি এড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। চারাগাছ লাগানোর পাশাপাশি এগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। অন্যদিকে অসাধু কাঠ ব্যবসায়ীদের হাত থেকে সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে হবে। প্রতি মৌসুমেই দেশজুড়ে অসংখ্য গাছ লাগানো হলেও নিবিড় যত্নের অভাবে গাছগুলো নষ্ট হয়ে যায়। জনসচেতনতার অভাব, অপরিকল্পিত উন্নয়নকাজ, পাহাড় ধস, গরু-ছাগলের আক্রমণ ইত্যাদি কারণে সিংহভাগ গাছ দীর্ঘদিন টেকে না। অসাধু কাঠ ব্যবসায়ীদের কারণে সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা দিন দিন কমছে। পরিণতিতে পরিবেশের বিশুদ্ধতা নষ্ট হয়ে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। তাই বিপুল অর্থ ব্যয়ে সরকারি ও বেসরকারি ভাবে বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচির প্রত্যাশিত ফলাফল পেতে হলে গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাছের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পরবর্তী প্রজন্ম বেঁচে যাবে বৈশ্বিক উষ্ণতার কবল থেকে।
আবু ফারুক
বনরুপা পাড়া, সদর, বান্দরবান
