ধামরাই (ঢাকা) সংবাদদাতা
স্থানীয় মুক্তিযোদ্ধা ও সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়ের একটি অংশকে ঈদ উপহার দেওয়া হয়েছে। কয়েক জন সমাজসেবকের সহায়তায় ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা উদ্যোগী হয়ে এ মহত্ কাজটি করেছেন। অর্ধশতাধিক মুক্তিযোদ্ধাকে খাদ্যসামগ্রী ও প্রত্যেককে একটি করে পাঞ্জাবি এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রীকে একটি করে শাড়ি উপহার দেওয়া হয়েছে। ওসি অপারেশন মাসুদুর রহমান, ওসি তদন্ত কামাল হোসেনসহ পুলিশ সদস্যদের নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়িতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। একই উপলক্ষ্যে স্থানীয় হিজড়াদেরও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
