তালায় জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৪৩

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে রইজ ফকির (৩৩) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি তালা উপজেলার জেঠুয়া গ্রামের রেজাউল ফকিরের ছেলে।  

 

মঙ্গলবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় তালা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

 

এলাকাবাসী সূত্রে জানাযায়, তালা উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশী জাকির শেখের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের মধ্যে জাকির শেখের পরিবারের ৫ জন এবং অন্য পক্ষের রইজ ফকিরকে মারাত্মক আহত অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। রইজ ফকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন : সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান মারা গেছেন

এ বিষয়ে জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি নিয়ে আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে মিমাংসার জন্য দিন ধার্য ছিল। এরমধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।   

 

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে।


ইত্তেফাক/ইউবি