লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দু’টি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে পারেনি প্রশাসন। কেউ দায়ও স্বীকার করেনি।মঙ্গলবার দুপুরের ওই বিস্ফোরণে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের অনেক স্থাপনা ভেঙে পড়েছে। ধারণা করা হচ্ছে আরো বহু মৃতদেহ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পনেশহরজুড়ে অসংখ্য ভবনের জানালা এবং কয়েকটি বাড়ির ছাউনিও ভেঙে পড়েছে। স্থানীয় হাসপাতালগুলো এখন আহতদের ভীড়ে ঠাসা।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈরুতের বাসিন্দারা দূর থেকেও ধোঁয়ার কু্ললী দেখতে পান। একটি ভিডিওতে দেখা গেছে সাদা ধোয়ার কুন্ডলী উড়ছে। তার মাঝেই হঠাত্ করে গগণবিদারী শব্দে দ্বিতীয় বিস্ফোরণ এবং আগুনের গোলা উঠে গেছে কয়েক হাজার ফুট উপর পর্যন্ত। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ঘটনার আকস্মিকতায় চিত্কার চেচামেচি শুরু করে দেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ হরিরির সদর দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যান। তবে ধ্বংসযজ্ঞের ব্যাপকতার কারণে তারা আগুন নেভাবে হিমসিম খান। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অনেক মানুষ হতাহত হয়েছে এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র বলছে, এটা হয়তো সন্ত্রাসী হামলা নয়। বন্দর এলাকায় কোনো রাসায়নিকের গুদামে অগ্নিকান্ডের ফলে এটি হতে পারে। তবে পরিস্কারভাবে জানা যাবে তদন্তের পর।
