রংপুর জেলা ছাত্রলীগের নেতা মাদকসহ গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১২:৩৮

মাদক এর সাথে জড়িত থাকার ঘটনায় রংপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা সনিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী (রনি) এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ সোহেল রানা সনিকে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা গেছে, ডিবি লালমনিরহাট কর্তৃক অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদর থানাধীন খুনিয়াগাছ ইউপি এলাকা থেকে মাদকসহ রংপুর জেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা সনিকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা ছাত্রলীগ।


ইত্তেফাক/এএম