ঈদের নাটক ‘আমার একটাই বউ’

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:২৪

বিনোদন রিপোর্ট

 

চ্যালেন আই তাদের ঈদ অনুষ্ঠানমালায় আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার করবে নাটক ‘আমার একটাই বউ’। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ আল মুক্তাদির এবং পরিচালনা করেছেন তানভীর হোসেন। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিয়া, মুনিরা মিঠু প্রমুখ।

শাহেদের বয়স এখন ৪০ ছুঁইছুঁই। কিন্তু কেউ বয়স জিজ্ঞেস করলে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেন, তার বয়স ২৫। বয়স নিয়ে তার এমন লুকোচুরির প্রধান কারণ হলো বিয়ে। তিনি ৩৮ বছর বয়সে বিয়ে করেছেন ১৮ বছরের তরুণীকে। তরুণীর নাম ফারিয়া। দেখতে খুব সুন্দরী। ফলে ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শাহেদ দারুণ হীনমন্যতায় ভোগেন। মাঝে মাঝে অবশ্য স্বপ্নও তার সঙ্গে রসিকতা করে। বেশি বয়সে বিয়ে করলে অনেকেই যেমন বউ নিয়ে আদিখ্যেতা করে, আমাদের শাহেদ সাহেবও তার ব্যতিক্রম নন। ঘরে বউয়ের সঙ্গে থাকলে সারাদিন নিজেকে নানাভাবে জ্ঞানী ও সর্বেসর্বা প্রমাণ করার চেষ্টায় থাকেন। আবার ঘরের বাইরে, মানে অফিসে, বন্ধুদের আড্ডায় তার বউ যে একজন মহিয়সী নারী সেই চেষ্টাও লক্ষ্য করা যায়।ইদানিং তিনি একটি জটিল সমস্যার ভুগছেন। ক’দিন পরপরই বউয়ের ওপর জিনের আঁছড় হচ্ছে। অনেক ফকির, কবিরাজ, ওঝা দেখানোর পরও কোনো লাভ হচ্ছে না। ইদানিং তিনি মহল্লার আড্ডা এড়িয়ে চলেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলেন, তার সুখ কারো সহ্য হচ্ছে না তাই মানুষের কু-নজরে তার আজকে এই দশা। মহল্লার লোকজন, বন্ধু-বান্ধব সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। কেউ কেউ তাকে ‘বউ পাগল’ বলে ডাকে। এই জিন আঁছড় করা অবস্থায় তার স্ত্রী অন্তঃস্বত্ত্বা হন। মহল্লার মানুষ শাহেদের বউকে নিয়ে নানা কথা ছড়াতে থাকে। সবাই বলে এই সন্তান আসলে শাহেদের না, এই সন্তান জিনের। মানুষের এই কথা প্রতিদিন শুনতে শুনতে শাহেদও এক সময় বিশ্বাস করতে শুরু করে এই সন্তান জিনের। সংসারে শুরু হয় অশান্তি। শাহেদের স্ত্রী ফারিয়া বাপের বাড়ি চলে যায়।