শেরেবাংলায় ফিরলেন মাহমুদউল্লাহ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৪

স্পোর্টস রিপোর্টার

ঈদুল আজহার আগে বিসিবির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েসরা। ঈদের পর একই প্রক্রিয়ায় ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে ৮ আগস্ট।

তার আগেই অবশ্য অনুশীলনে নেমে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা ভাইরাসের কারণে প্রায় পাঁচ মাসের বিরতির পর গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক। করোনাকালে নিয়মিতই বাসায় ফিটনেসের কাজ করেছেন মাহমুদউল্লাহ। ব্যাট-বল ধরার সুযোগ মিলছিল না।

গতকাল মিরপুর স্টেডিয়ামের সবুজ জমিনে ব্যাট হাতে দেখা গেল মাহমুদউল্লাহকে। নকিং করছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। শুধু মাহমুদউল্লাহ নন, আগামী শনিবার থেকে অনুশীলনে ক্রিকেটারদের সংখ্যা বাড়বে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও অনুশীলনে নামবেন। ঈদের আগেই বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। বিসিবির ঠিক করে দেওয়া সূচি অনুযায়ী অনুশীলন করবেন ক্রিকেটাররা। সবার অংশগ্রহণ বাড়লে, করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসে জাতীয় দলের ক্যাম্পও শুরু হতে পারে।