খানাখন্দে ভরা সড়ক নির্মাণে এগিয়ে এলেন আওয়ামী লীগ নেতা লিটন

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৮

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুর উপজেলার চরাঞ্চল ভাংনামারী ইউনিয়নের চলাচল অনুপযোগী প্রায় দুই কিলোমিটার সড়ক নিজ অর্থায়নে নির্মাণ করলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন। কর্দমাক্ত, খানাখন্দে ভরপুর, যানবাহন চলাচলের অনুপযোগী সড়কটি গত শুক্রবার থেকে সম্পূর্ণ ব্যবহার উপযোগী হয়।বারুয়ামারী গ্রামের আব্দুল জব্বার জানান, দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে সাত গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। বারুয়ামারী স্কুলের সামনের পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে দক্ষিণপাড়া পর্যন্ত দুই কিলোমিটার কর্দমাক্ত ও স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি ব্যবহারের অনুপযোগী ছিল। এই সড়কে ১৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। সড়কটি দীর্ঘদিনেও নির্মাণ বা সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ ছিল না। তাদের মুক্তি দেওয়ার জন্য সড়ক সংস্কারে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। ঈদের কয়েক দিন আগে থেকে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। প্রথমে এজিং দিয়ে সেন্ড ফিলিং করে তারপর চলে ইটের সলিং। এর ওপর বসানো হয় হেরিংবোন।  কৃষিবিদ ড. সামীউল আলম লিটন জানান, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বসম্পন্ন। এলাকাবাসীর কষ্ট ঘুচাতে তিনি এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। দুই কিলোমিটার লম্বা ও আট ফুট প্রশস্ত সড়কটি নির্মাণ করতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়। ঈদের আগেই সড়ক নির্মাণ হওয়ায় এলাকাবাসী ভাংনামারী ঈদগাহে গিয়ে ঈদের জামাতে শরিক হতে পেরেছে। এটা অনেক আনন্দের। উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক জানান, এ সড়ক নতুন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ পেলে এক বছরের মধ্যে সড়কটি পাকা করা হবে।