বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর প্রথম পুত্র এবং দ্বিতীয় সন্তান শহিদ শেখ কামাল ভাইয়ের জন্মদিন একই সঙ্গে যেমন আনন্দের, তেমনই বেদনার স্মৃতিবহ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছিল, তখন পিতা বঙ্গবন্ধু, মাতা বঙ্গমাতা ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও নির্মমভাবে শহিদ হন। বাংলাদেশে হত্যা-খুনের রাজনীতি চিরতরে বন্ধ হোক, এটিই তার এই পবিত্র জন্মদিনে আমাদের প্রার্থনা।’
গতকাল বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর প্রথম পুত্র শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনি একথা বলেন। মন্ত্রী এ সময় সবাইকে ঈদ-পরবর্তী শুভেচ্ছা জানান। এছাড়া গতকাল সকালে বনানী কবরস্থানে শহিদ শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ড. হাছান মাহমুদ। এ সময় নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন নিউজপোর্টালের প্রকাশিত তালিকার পরে আরো তালিকা আসবে কি না, সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে উদ্বেগের কারণ নেই।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।
