মেজর (অব) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে দোষী ব্যক্তিদের ফাঁসি কার্যকর করার দাবি করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।
গতকাল রাওয়ার হেলমেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন রাওয়ার চেয়ারম্যান মেজর (অব) খন্দকার নূরুল আফসার। লিখিত বক্তব্যে বলা হয়, ‘কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় পুলিশের পোশাক পরে ও সরকারের অস্ত্র ব্যবহার করে ঠান্ডা মাথায় মেজর সিনহা (অব) নির্মম হত্যাকাণ্ড যে কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। রাওয়া সরকারের কাছে যে ১১টি দাবি জানিয়েছে তা হচ্ছে, ‘তিন মাসের মধ্যে দ্রুত আদালতের মাধ্যমে ন্যায়বিচার সম্পন্ন করা এবং দোষী ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা, অনতিবিলম্বে সব আসামিকে মামলার স্বার্থে গ্রেফতার করে পাঠানো, কক্সবাজার জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তথ্যগোপন করে গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়া ও একমাত্র চাক্ষুস সাক্ষী সিফাতের নামে মামলা করার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ওসি প্রদীপকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো, সিফাত ও ট্রাক চালকসহ সব সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বের অন্যান্য দেশের মতো একটি ভিন্ন মন্ত্রণালয় (ভ্যাটারান মন্ত্রণালয়) গঠন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিরাপদ ও আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপনে সার্বিক সহায়তা নিশ্চিত করা। সংবিধান মোতাবেক পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তুলতে জবাবদিহিমূলক আইন প্রণয়ন করে সে অনুযায়ী বাহিনীকে পুনর্গঠন করা এবং রাষ্ট্রের সব অস্ত্রধারী বাহিনীকে সংবিধান মোতাবেক সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা বাধ্যতামূলক।
