নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে সুইজারল্যান্ড

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টাইন। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে সুইস দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে। তবে নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনার জন্য তিনি আক্ষেপ করেছেন।

বার্তায় বলা হয়েছে, বৈঠকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ভীতি প্রদর্শন, বাধা প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও আইনের শাসন অনুসারে এসব অভিযোগের সমাধান প্রয়োজন।

তিনি বলেন, সুইজারল্যান্ড আশা করে, নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করবে। একইসঙ্গে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে জনগণের ইচ্ছাকে সম্মান দেখাবে। তিনি পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেন যে, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তার চলমান অংশীদারিত্ব আরও এগিয়ে নেবে।