বরিশালে চেক জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে দুই জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড কোম্পানি বিভিন্ন সরকারি রাস্তা ও ভবন নির্মাণের কাজ করে। এরই ধারাবাহিকতায় এলজিইডির হিসাব মহানিয়ন্ত্রক বাংলাদেশ কর্তৃক নিজ নামে সকল চেক ইস্যু হয়। আসামি মো. রায়হুনুল আলমগীর অন্তু ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড কোম্পানিতে এক সময় চাকরি করত। চাকরির সুবাদে কোম্পানির বিভিন্ন কাজকর্ম সম্পর্কে তিনি অবগত থাকার কারণে এলজিইডির মাধ্যমে বরিশালের বিভিন্ন কাজ বাবদ উক্ত কোম্পানির নামে ২২ লাখ ৮২ হাজার ৮৬৫ টাকার ছয়টি চেক উঠিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যান। এ ঘটনা জানতে পেরে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ডিরেক্টর মো. হেমায়েত উদ্দিন খান মাসুদ বুধবার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় মো. রায়হুনুল আলমগীর অন্তু ও তার সহযোগী সুমন শরীফ জালিয়াতি করে প্রতারণামূলকভাবে এলজিইডি হতে বরাদ্দের টাকা উত্তোলন করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম জানান, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাতের মামলা দায়ের হয়েছে।
