আখাউড়া বন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ফের মাছ রপ্তানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়। গত ৯ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানিকৃত মাছবাহী ট্রাক বন্দর থেকে বের হয়ে শিলচর যাওয়ার পথে আগরতলার রামনগর এলাকায় সেখানকার কয়েক জন মিলে এক ট্রাক মাছ ছিনতাই করে নিয়ে যায়। ঐ ট্রাকে ১২৭ কার্টনে ৬ হাজার ৩৫০ কেজি মাছ ছিল। যার মূল্য ১৫ হাজার ৮৭৫ ডলার। ছিনতাইয়ের ঘটনার পর ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক্রমে মাছ আমদানি বন্ধ করে দেয়। পরে দুই দেশের রাজনৈতিক ও ব্যাবসায়ীক নেতাদের আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান হলে মাছ রপ্তানি পুনরায় শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোরকান আহাম্মদ খলিফা বলেন, রপ্তানিকৃত মাছ ছিনতাইয়ের পর মাছ রপ্তানি বন্ধ করে দেয় দুই দেশের ব্যবসায়ীরা। পরে ত্রিপুরা রাজ্যের স্থানীয় বিধায়ক সুরঞ্জিত দত্ত ও বাংলাদেশের আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হলে দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ফের মাছ রপ্তানি শুরু হয়েছে।