মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে চুরি হওয়া একটি ট্রাক সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে সিঙ্গাইর থানা পুলিশ। ট্রাকটির মালিক সিঙ্গাইর উপজেলার গাড়াদিয়া গ্রামের মোঃ জিল্লুর রহমান।
জানা যায়, গত মাসের ১৭ তারিখ রাতে গোবিন্দল নতুন বাজারের ব্রিজের পাশ থেকে এই ড্রাম ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২০-২৬০১) চুরি হয়। এ ব্যাপারে পরদিন সিঙ্গাইর থানায় মামলা হলে থানার ওসি খোন্দকার ইমাম হোসেনের নির্দেশে এসআই মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দরের রোডের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এসআই জসিম জানান, ভোমরা স্থলবন্দরের ল্যান্ডিং শ্রমিক ফেডারেশনের সভাপতি এরশাদের কাজ হচ্ছে চোরাই ট্রাক কেনা-বেচা করা। চুরি হওয়া এই ট্রাকটিও ঝিকরগাছা এলাকার ফিরোজ ও হারুনের কাছ থেকে এরশাদ ১৫ লাখ টাকায় কিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে জনৈক তবিবুর রহমানের গ্যারেজে নিয়ে দেড় লাখ টাকা খরচ করে রং করার কাজ করাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে এখান থেকে ট্রাকটি উদ্ধার করে সিঙ্গাইর থানায় আনা হয়। এরশাদকে আটক করা না গেলেও মোবাইল ফোনে তার কাছ থেকে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে এরশাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
