রোনালদো-বীরত্বের আশা জুভেন্তাসের

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৪০

ম্যানচেস্টারে ‘সুবিধা’ পাবে রিয়ালও!

ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ

আজকের খেলা

 

জুভেন্তাস-লিওঁ

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আর জুভেন্তাস ভিন্ন দুই ঘরানার দল হলেও তাদের এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছে শেষ ষোলর প্রথম লেগে হার। লিওঁর মাঠে ১-০ ব্যবধানে হেরে ঘরে ফেরা জুভেন্টাসকে আশা দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর ফাঁকা গ্যালারির সামনে ম্যাচ হওয়ায় প্রতিপক্ষের মাঠেও নিজেদের সুবিধা দেখছে রিয়াল মাদ্রিদ।

ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসে ইউরোপ জেরবার হওয়ার আগেই হয়েছিল প্রথম লেগ। তবে তাতেও নিজেদের মাঠে ম্যাচটি আয়োজনে আপত্তি ছিল লিওঁর। শেষমেশ উয়েফার চাপে পড়ে আয়োজন করা ম্যাচে তারা জেতে ১-০ ব্যবধানের জয়।

তবে জুভেন্তাসের আশা তাতে শেষ হয়ে যায়নি একটুও। শেষ আটে যেতে হলে জিততে হবে কমপক্ষে ২-০ ব্যবধানে। এমন সমীকরণ সামনে নিয়ে দলটির বড় অনুপ্রেরণা রোনালদো। পর্তুগীজ তারকার নৈপুণ্যেই তো গেল মৌসুমে জুভেন্তাসের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে এসেও পরের লেগে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বিয়েঙ্কোনেরিরা।

গোলরক্ষক অয়েচিখ সজেস্নি আশা করছেন তেমন কিছুরই, ‘আমি দলকে প্রস্তুত দেখছি। গেল বছর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে যেমন পরিবেশ ছিল, এবারও ঠিক তেমন পরিবেশই সৃষ্টি হয়েছে!’

রোনালদোর কারণেই প্রথম লেগে হারের পরও এতোটা আশাবাদ জুভেন্তাসের। সজেস্নির ভাষ্য, ‘এ বছরও আমরা তেমনটা করতে পারি। আরেকটা রোনালদো হ্যাটট্রিক? রোনালদো এবারও তেমন কিছু করতে পারে, আর এ নিয়ে দুনিয়ার কারোই সন্দেহ থাকার কথা নয়। সাধারণত গুরুত্বপূর্ণ সময়ে সে পার্থক্য গড়ে দেয়, সে আরেকটা বিস্ময়ের জন্ম দিতে তৈরি।’

প্রথম লেগে হেরে পরের লেগে সে ঘাটতি পুষিয়ে দেওয়ার নজির রিয়াল মাদ্রিদেরও আছে অনেক। ২০১৫-১৬ মৌসুমে ভলফসবুর্গের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেও ঠিকই পরের রাউন্ডে উঠেছিল রিয়াল। কিন্তু সমস্যাটা হচ্ছে, রিয়াল প্রথম লেগটা হেরেছে ঘরের মাঠেই। আর সেই প্রত্যাবর্তনের নায়ক রোনালদোও আর নেই দলে!

আজ বৃহস্পতিবার সিটির মাঠ ইতিহাদে রিয়ালের সামনে সমীকরণ ২-০ ব্যবধানে জয়ের। এ সমীকরণের সামনে দাঁড়িয়ে রিয়াল মিডফিল্ডার ক্যাসেমিরো অবশ্য একটা সুবিধা দেখছেন। করোনার কারণে ফাঁকা গ্যালারি প্রতিপক্ষের মাঠে কাজটা সহজই করে দেবে বলে মনে করছেন তিনি।

ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কথা, ‘নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সমর্থনটা পাবে না তারা। এ সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। তবে কোচ আর খেলোয়াড় থাকছে আগের মতোই, তাই দুই দলের জন্যই সমান কঠিন হবে ম্যাচটি। দল হিসেবে সিটি অসাধারণ।’