সম্প্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অংশ নেওয়া কয়েক জন বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক বকেয়া রয়েছে।
ফিকার প্রতিবেদনের পর বিসিবি জানিয়েছিল, মূলত এখনো পারিশ্রমিক পাননি বিদেশি তিন ক্রিকেটার ও এক কোচ এবং তাদের পারিশ্রমিক পরিশোধ করেনি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স।
সংশ্লিষ্ট খেলোয়াড়ের আবেদনের কারণে অতীতে একাধিকবার সিলেট সিক্সার্সকে পারিশ্রমিক পরিশোধের জন্য বলেছে বিসিবি; কিন্তু তাতে কোনো হেলদোল নেই তাদের। সময়মতো পারিশ্রমিক পরিশোধ না করায় সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি।
বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সে খেলা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান, আফগানিস্তানের গুলবাদিন নাইব, পাকিস্তানের সোহেল তানভীর এবং পাকিস্তানি কোচ ওয়াকার ইউনিস পুরো পারিশ্রমিক পাননি।
বিসিবি আইনি নোটিশ দিলেও সিলেট তার জবাব দেয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তাদের আইনি নোটিশ পাঠিয়েছি অনেক আগেই; কিন্তু এখনো কোনো উত্তর পাইনি।’অবশ্য যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনের কল রিসিভ করেননি সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির চৌধুরী। তবে সিলেট সিক্সার্সে খেলা ঐ তিন ক্রিকেটারের পারিশ্রমিক বিসিবি পরিশোধ করবে না। কারণ তিন ক্রিকেটারকেই প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে টেনেছিল সিলেট।
