মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকালে বর্ষীয়ান এ রাজনীতিবিদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।
বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েক দিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর ও কাশিতে ভুগছিলেন। খবরটি প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিত্সার জন্য হেলিকপ্টারে ঢাকা নেওয়ার নির্দেশ দেন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ বলেন, ‘মৌখিকভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজিটিভ। ৪ আগস্ট আজিজুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়।’
আজিজুর রহমান বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদ ছাড়াও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
