রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হন। দুই জনকেই পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে এক জনকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে। যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) শাহিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপরদিকে বিমানবন্দরের কাউলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জিয়াউর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিমানবন্দর থানার ওসি কায়কোবাদ কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিয়াউর রহমান পুলিশের আরেক কনস্টেবল আতিয়ার রহমানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে কাউলা ফুটওভার ব্রিজের নিচে বলাকা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জিয়াউর রহমান রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। আর তার সঙ্গে থাকা সিআইডির পুলিশ কনস্টেবল আতিয়ার আহত হয়েছেন। ওসি জানান, ঘটনার পর পরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
