তালায় করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৪:০৬

সাতক্ষীরার তালায় জ্বর  ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ আব্দুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের সেনপুর গ্রামের এরফান আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা  মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ২৬ জুলাই সকাল সাড়ে সাতটায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মোঃ আব্দুর রহমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ভর্তির পরপরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।

তিনি আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।

সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন মোট ৫৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন।

ইত্তেফাক/এমআরএম