মাদারীপুরের শিবচরে পাট জাগ দেওয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের এ ঘটনা ঘটে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার ও শিবচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বর্ষায় ভেসে আসা কচুরিপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে তারই চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা বন্ধ
নিহত জাহাঙ্গীরের স্ত্রী নার্গিস বলেন, সকালে জলাশয়ের কচুরিপানা নিয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। বাচ্চুর সঙ্গে সিরাজ মাদবর, খোকন মাদবর, খলিল মাদবর, রহমান মাদবরসহ আরও অনেকেই ছিল। আমি খুনিদের বিচার চাই।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঘটনা শোনার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। মামলা বিষয়টি প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এসি
