বেতনবৈষম্যসহ দ্রুত সমাধান হচ্ছে প্রাথমিকের সব সমস্যা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:০৩

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসহ যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শিক্ষকদের উচ্চধাপে ১৩তম গ্রেডে বেতন নির্ধারণসহ শতভাগ পদন্নোতির ব্যবস্থা হচ্ছে। চলমান রয়েছে একটি সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কাজ, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ীভাবে পদন্নোতির ব্যবস্থা, অনলাইনের মাধ্যমে বদলির যাবতীয় কাজ সম্পাদন, সেপ্টেম্বরের প্রথম থেকে স্কুল খোলার ব্যবস্থা, বর্তমান বছরের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন, বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষকদের অনলাইনে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ এবং ইংরেজি ও বাংলা বিষয়ে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড রয়েছে চলমান।

করোনাকালীন ও করোনা পরবর্তী মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের বিষয়ে  বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের (চারটি নিবন্ধিত সংগঠন) উদ্যোগে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নসহ করোনাকালীন পরীক্ষা না নিয়ে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মানদণ্ড নিশ্চিতকরণ শীর্ষক ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমতির সাধারণ সম্পাদক অজিত পাল।