কম্পিউটার অ্যানালিস্টকে ছাড়াই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৪২

   কারণ আইপিএল

স্পোর্টস রিপোর্টার

সময়ের হেরফের হলেও এটুকু নিশ্চিত চলতি বছরেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সম্ভাব্য সময় সেপ্টেম্বর-অক্টোবর। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর কলম্বোগামী বিমানে চড়বে মুমিনুল হকের দল।

বিসিবির এই পরিচালক সংবাদমাধ্যমকে বলেছেন, সফরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজই খেলবে বাংলাদেশ। এর বাইরে এই সিরিজে আর কোনো ফরম্যাটে খেলবে না দুই দল। তবে লঙ্কা সফরে বাংলাদেশ দল পাবে না কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিভাসন চন্দ্রশেখরনকে। ভারতীয় এই অ্যানালিস্ট তখন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে থাকবেন। বিসিবির সঙ্গে তার চুক্তিও এমন যে, আইপিএল চলাকালীন তাকে ছেড়ে দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

শ্রীলঙ্কা সফরে অ্যানালিস্টকে না পাওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘আমি নিশ্চিত নই, কিন্তু তার চুক্তিটা এমনই যে, আইপিএল চলাকালীন সে আমাদের সঙ্গে থাকবে না।’

অবশ্য স্ব-শরীরে না থাকলেও দলের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন শ্রীনিভাসন। গতকাল তিনি নিজেই বলেছেন, ‘আইপিএল চলাকালীন শ্রীলঙ্কা সফর হলে আমি যেতে পারব না। কারণ তার আগেই আমি আইপিএলে চলে যাব।’

শ্রীনিভাসন আরো বলেন, ‘বাইরে থাকলেও যে কোনো প্রয়োজনে আমি দলের সঙ্গে যুক্ত থাকব। আমি না চাইলেও খেলোয়াড়রাই আমাকে নক করবে। তাই আমার উপস্থিতি সেখানে থাকবেই।’

কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। লম্বা সময় কোয়ারেন্টাইনের ধাক্কা নাও সামলাতে হতে পারে টাইগারদের। লঙ্কা সফর নিয়ে আকরাম খান বলেছেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে আমরা পরিকল্পনা করছি ২৪ সেপ্টেম্বর সফর করার। টেস্ট সিরিজ শুরু হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে।’

টেস্টের পাশাপাশি টি-২০ খেলতে বিসিবির প্রস্তাবে সাড়া দেয়নি লঙ্কান বোর্ড। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা কিছু সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচও খেলতে চেয়েছিলাম, তবে ওদের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে ইতিবাচক সাড়া পাইনি।’

মুমিনুলদের লঙ্কা যাত্রা হতে পারে ভাড়া করা বিমানে। যেখানে জাতীয় দলের সঙ্গে এইচপি স্কোয়াডও সঙ্গী হতে পারে। টেস্টের আগে এইচপির বিরুদ্ধে প্রস্তুতি পর্ব সারতে হবে বাংলাদেশ টেস্ট দলকে। কারণ স্বাগতিক কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন রাখছে না লঙ্কান বোর্ড।