স্পোর্টস ডেস্ক
ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে কেবল ফরাসি লিগই করোনা ভাইরাসের কারণে মৌসুম অসম্পূর্ণ রেখেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই একই কারণে এবার নেইমার-কিলিয়ান এমবাপেদের পরবর্তী মৌসুমও পড়ে গেছে শঙ্কায়।
সূচি অনুসারে আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠে গড়ানোর কথা লিগটির। কিন্তু অনুশীলনে ফেরার পরই লিগের চার জন আর নঁতের তিন জন খেলোয়াড় মিলিয়ে সর্বমোট ১৮ খেলোয়াড়ের করোনাক্রান্ত হওয়ার শঙ্কার চাদরে মুড়ে দিয়েছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুমকে।
বিশ্বস্ত সূত্র ধরে ইএসপিএন জানায়, আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যাওয়া রুখতে কঠোর হচ্ছে লিগ কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে কোয়ারেন্টাইনের মেয়াদ, পরীক্ষাও কঠোর করা হয়েছে! লিগ ওয়ানের সে সূত্র ইএসপিএনকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মৌসুম শুরুর পর আবারও খেলা বন্ধ হয়ে যাওয়াটা রুখতে চাই আমরা।’
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যেই সূচিটা অনেক ঠাসবুনটের হয়ে পড়েছে, আমরা আর কোনো খেলা সরিয়ে নিতে পারব না। লিগকে তাই দায়িত্ব নিতে হবে এবং কোচদেরকে দুই কিংবা তিন খেলোয়াড়কে ছাড়া খেলার ব্যাপারটাকে মেনে নিতে হবে। করোনা পজেটিভকে চোটের মতো দেখতে হবে।’
