ইত্তেফাক রিপোর্ট
বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে দুস্থ নারীদের সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদ্যাপন’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা এসব কথা জানান।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট সকালে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করবেন। এরপর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে জন্মবার্ষিকী উদ্যাপন হবে। এছাড়া গোপালগঞ্জ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ, স্মরণিকা প্রকাশিত হবে।
