৪৩ বছর পর যমজ ভাইদের সাক্ষাত্!

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:১২

যমজ সন্তানরা সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিট পার্থক্যে পৃথিবীতে এসে থাকে। এরপর একসঙ্গে বেড়ে ওঠে শৈশব-কৌশর। কিন্তু ভিয়েতনামের যমজ দুই ভাই ট্রান ভ্যান চ্যান এবং ট্রান ভ্যান ট্রোঙয়ের সাক্ষাত্ হয়েছে ৪৩ বছর পর! পরিবারের দারিদ্র্যের কারণে বাবা-মা তাদের দুই ভাইকে দুটি পরিবারের কাছে দত্তক দিয়েছিলেন। তারাও সেখানে বড় হতে থাকে। কিন্তু এক সময়ে দুই জনই বুঝতে পারে তাদের আসল বাবা-মায়ের সঙ্গে নেই তারা। এরপর তারা জন্মদাতা বাবা-মায়ের খোঁজ করতে শুরু করে। ২৫ বছর বয়সে এক ভাই বেশ সহজেই পেয়ে যায় তার মাকে। সে তার মায়ের কাছে ফিরে আসে। মায়ের কাছে ফিরে মাকে সঙ্গে নিয়ে হারানো ভাইকে খুঁজতে শুরু করেন ট্রান ভ্যান ট্রোঙ।

কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ২০০৭ সালের কোনো একদিন                 মা এবং ট্রান ভ্যান ট্রাঙ মিলে দেশের একটি জনপ্রিয় টেলিভিশন শোতে একটি চিঠি লেখেন হারিয়ে যাওয়া ট্রান ভ্যান চ্যানকে খুঁজে পেতে। মজার বিষয় ঐ একই বছর ট্রান ভ্যান চ্যান ঐ শোতেই চিঠি লেখেন নিজের হারিয়ে যাওয়া ভাই এবং পরিবারের সন্ধান পেতে। অনুষ্ঠানের পরিচালক কিছুদিন পরই দুই চিঠির যোগসূত্র মিলিয়ে ফেললে চ্যান তার ঠিকানা এবং মোবাইল নম্বর বদলে ফেলায় সে যাত্রা কোনো লাভ হয়নি। অবশেষে সেই দুই ভাইয়ের সাক্ষাত্ হয়েছে। হারিয়ে যাওয়া যমজ ভাইকে খুঁজে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুই ভাই-ই। তাদের দুই জন দেখতে যেমন একই রকম তাদের রসবোধ এবং খাবারের রুচিও একই রকম।—ইউপিআই