ইত্তেফাক রিপোর্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে একাত্ম সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। চতুর্থ শিল্পবিপ্লব আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই শিল্পবিপ্লবের ফলে গতানুগতিক অনেক চাকরি বিলুপ্ত হয়ে যাবে। আবার চাকরি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই চ্যালেঞ্জকে আমরা একটি সম্ভাবনায় পরিণত করতে চাই। এজন্য আমাদের প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
গতকাল শুক্রবার কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে চতুর্থ শিল্পবিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি একথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ।
মন্ত্রী বলেন, আমাদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। জীবনব্যাপী শিখতে শেখাই হবে আমাদের প্রধানতম দক্ষতা।
