চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও উইচ্যাটের মূল কোম্পানি টেনসেন্ট এর সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চলতি সপ্তাহে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের ডিজিটাল নেটওয়ার্ক থেকে ‘অবিশ্বস্ত’ চীনা অ্যাপগুলোকে মুক্ত করার পদক্ষেপ নিয়ে কাজ করার কথা জানায়। হোয়াইট হাউজের পক্ষ থেকে ঐ সময় টিকটক এবং উইচ্যাটকে ‘মারাত্মক হুমকি’ হিসেবে অভিহিত করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘টিকটক সম্ভবত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সুবিধার জন্য ভুল তথ্য ছড়ায়; যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে টিকটকের মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবশ্যই আগ্রাসী পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে, উইচ্যাট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে। আর এই তথ্য সংগ্রহ ব্যবস্থায় চীনের কমিউনিস্ট পার্টির প্রবেশাধিকার আমেরিকানদের ব্যক্তিগত ও সম্পত্তিতুল্য তথ্যের জন্য মারাত্মক একটি হুমকি।’
এই আদেশ জারির ৪৫ দিনের মাথায় কোম্পানি দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেন হবে অবৈধ। আদেশ অমান্য করলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
টিকটকের হুমকি: এদিকে, টিকটকের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধের নির্বাহী আদেশের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান। চীনা এই কোম্পানি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশে তারা ‘বিস্মিত’। আইনের শাসন যে বর্জনীয় নয়, তা নিশ্চিত করতে সব ধরনের প্রতিকার ব্যবস্থা অবলম্বন করা হবে।—বিবিসি
