হংকংয়ের ক্যারি লামসহ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০০:৩৫

এবার হংকং এর প্রধান নির্বাহী ক্যারি লামসহ বেশ কয়েকজন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। হংকং-এর স্বায়ত্বশাসন খর্ব করার অভিযোগে শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ১১ চীনা কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘হংকংয়ের জনগণের সাথে যুক্তরাষ্ট্র পাশেই আছে এবং আমরা তাদের স্বায়ত্তশাসনের ক্ষুন্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

বেইজিং হংকং-এ নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করায় তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিল। সমপ্রতি তুমুল বিক্ষোভের মুখেই বিতর্কিত এ আইনটি পাস করে চীন। এর মাধ্যমে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার আধা স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং-এ চলমান বিক্ষোভ দমনের জন্য জাতীয় নিরাপত্তা আইন জারির চূড়ান্ত ধাপে পৌঁছায়। এর অধীনে হংকংয়ের আইন প্রণেতা ছাড়াই বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।