গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত ৩ শ’ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। কোটালীপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২২ জন। আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন । মারা গেছেন ১ জন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের ১ জন, কয়খা গ্রামের ১জন, হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের ১ জন, বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী গ্রামের ১ জন, কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের ১ জন, রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের ২ জনসহ মোট ৭ জনের শুক্রবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আক্রান্তদের বাড়ি ঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
