ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রী নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৮:৫৭

ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে একই পরিবারের বাবা মা ও সন্তান রয়েছে।

শনিবার ৮ আগস্ট বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ- জামালপুর সড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন ভোটঘর এলাকার সন্নিকটে রায়থোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে । 

নিহতরা হলেন, মুক্তাগাছার শ্রীরামবাড়ির বাসিন্দা সিএনজির চালক আলাদুল (৩৮), মুক্তাগাছার মলাজানীর বাসিন্দা যাত্রী নজরুল ইসলাম (৩৫)। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়পাড়ার বাসিন্দা একই পরিবারের নুর ইসলাম (৩০) তার স্ত্রী তাসলিমা (২৬) ও মেয়ে লিজা (১৩)। বাকীরা অজ্ঞাত।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী রাজিব নামের বাস মুক্তাগাছাগামী সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৭ জন যাত্রী নিহত হয়। 

পুলিশ বাসটির চালক কামাল হোসেনকে গ্রেফতার করেছে। চালক পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা। বাস ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্ব জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/জেডএউইচ