২২৫ টাকার টিকিট ১২০০ টাকায়!

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৪১

আন্তঃনগর ট্রেন

জামালপুর প্রতিনিধি

ইসলামপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে কলোবাজারে। প্রকাশ্যে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে পাওয়া যাচ্ছে। একটি টিকিটের মূল্য ২২৫ টাকা হলেও সেই টিকিট এখন  কালোবাজারিদের কাছ থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় ক্রয় করতে হচ্ছে রেল যাত্রীদের। ঈদ পরবর্তী উপায়ন্তর না থাকায় যাত্রীরা চড়া দামে এসব টিকিট কিনতে বাধ্য হচ্ছে।

ইসলামপুর বাজার স্টেশন সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঢাকা-দেওয়ানগঞ্জ ও দেওয়ানগঞ্জ-ঢাকা রেল পথে দুইটি আন্তঃনগর ট্রেন চালু রাখা হয়েছে। গত শুক্রবার দুপুরে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে গিয়ে জানা যায়, গন্তব্যের উদ্দেশ্যে প্লাটফরমে ট্রেনের জন্য অপেক্ষা করছেন হাজারও যাত্রী। অধিকাংশ যাত্রী বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে ট্রেনের টিকিট কিনেছেন। ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ এলাকার বাবুল মিয়া নামে এক গার্মেন্টস কর্মী বলেন, আমি ২২৫ টাকার একটা টিকিট কিনেছি ১ হাজার ২০০ টাকায়। বাধ্য হয়ে ১ হাজার ২০০ টাকায় টিকিট কিনেছি আমি। একই দিনে গুঠাইল গ্রামের শাহজাহান মিয়া এবং দুই জন মহিলা গার্মেন্টস কর্মী আনেছা ও শিল্পি বেগম বলেন, ‘সব টিকিট কালোবাজারিরা অনলাইনে কিনে রাখে। আমরা কিনার সুযোগ পাই না। আমাদের ঈদের ছুটি শেষ তাই চাকরি বাঁচাতে ঢাকায় যেতেই হবে। বাধ্য হয়ে ২২৫ টাকার টিকিট ১ হাজার ২০০ টাকায় কিনলাম। এ ব্যাপারে ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বলেন, ‘ট্রেনের টিকিট তো অনলাইনে বিক্রি হয় তাই আমাদের এখন কিছুই করার নেই। যদি কোনো টিকিট কালোবাজারি প্লাটফরমে এসে টিকিট বিক্রি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব।’ এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘টিকিট এখন অনলাইনে বিক্রি করা হয় আমাদের কিছু করার নেই। এর প্রতিকার সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কালোবাজারি ট্রেনের টিকিট বিক্রি করলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’