মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে ডোবা থেকে দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার যুঁইযুঁথি ফিলিং স্টেশনের উত্তর পাশের ডোবা থেকে লাশ দুটি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। নিহত মাসুদ রানা (৩৬) কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ হোসেন ব্যাপারীর ছেলে আর মো. মামুন (৩৪) রংপুর কোতোয়ালি থানার চানবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক দিপু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ডোবা থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কয়েকটি কাপড়ের ব্যাগ, মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, তাদের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর গলায় বিদ্যুতের তার জড়িয়ে কেটে মারা গেছে। তবে পুলিশ তদন্ত করছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
