নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে মসজিদ কমিটি গঠন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পল্লিচিকিত্সক জামশেদ আলম ভুঁইয়া (৭০) নিহত হয়েছেন। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। শুক্রবার বিকালে বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি কাজিবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ১১ জন আহত হয়। এ ঘটনায় নিহতের ছেলে তাসাদ্দেক হোসেন ভুঁইয়া এজহারনামীয় ১৩ জনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, নিহত জামশেদ আলম ভুঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তার ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
