আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আশু মোল্লা নামে ঐ অটোরিকশা চালকের লাশ উপজেলার মদনপুর আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লী বিদ্যুত্ প্রজেক্টের সামনে থেকে উদ্ধার করা হয়। তিনি সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার থেকে তিনি অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন। গতকাল তার লাশ পাওয়া গেলেও অটোরিকশাটি পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার এসআই মঞ্জুর হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
