ইত্তেফাক রিপোর্ট
সরকার কর্তৃক বরাদ্দকৃত শহিদ পরিবারের বাড়ি বেদখল হওয়ার প্রতিবাদ জানিয়ে বাড়িটি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়েছে মহান মুক্তিযুদ্ধে শহিদ নায়েক নুরুল ইসলামের পরিবার। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঐ মুক্তিযোদ্ধার স্ত্রী রাবেয়া খাতুন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালের ৪ মে আওয়ামী লীগ সরকার মোহাম্মদপুরস্থ স্যার সলিমুল্লাহ রোডের ৩/এ-১৬ নম্বর বাড়িটি বরাদ্দ দেয়। ২০০০ সালের ১৬ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি দখল বুঝিয়ে দেয়। এরপর থেকে তারা সেখানে বসবাস করে আসছেন। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হঠাত্ কোনো নোটিশ ছাড়াই তাদের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে। এতে তারা গৃহহীন হয়ে পড়েন। বর্তমানে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই।
রাবেয়া খাতুন বলেন, বাড়িটি ফেরত পেতে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপূর্ত মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ২০০৯ সালের ৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় এই শহিদ পরিবারের সদস্যদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শহিদ নুরুল ইসলামের বৃদ্ধা স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছেলে গিয়াস উদ্দিন ও ছেলের স্ত্রী।
