চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন গতকাল শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং ১৫ আগস্ট ট্রাজেডিতে শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রধানতম বন্দর নগরীতে প্রশাসক হিসেবে নিযুক্ত করে প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনা যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে আমি আমার সকল সামর্থ্য শতভাগ উজাড় করে দেব। রাজনীতির সহায়ক প্রতিপাদ্য পরিপূরক ব্রত হলো জনসেবা। এই ব্রত পালনে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠাই আমার চালিকা শক্তি এবং চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে অগ্রাধিকার ভিত্তিতে সেবা কার্যক্রমগুলোর পরিধি বাড়াব। তিনি আরো বলেন, প্রশাসক হিসেবে বেঁধে দেওয়া ১৮০ দিনের প্রতিদিনই নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে তাত্ক্ষণিক সমাধানে চসিকের মোট জনবলকে মাঠ পর্যায়ে সক্রিয় রাখব।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইড লাইন আমার শক্তি ও প্রেরণা সূত্র। আমার পূর্বসূরি সাবেক মেয়রদের সব ভালো কাজগুলোকে দৃষ্টান্ত হিসেবে ধারণ করে আরো ভালো কাজে উদ্যোগী হতে সচেষ্ট থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রাজনীতিক সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।
