বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার পিতা নড়াইল বঙ্গবন্ধু স্কোয়াডের সভাপতি গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা বলাকা, মামি কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়াসহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, কালিয়ায় তিন জন ও লোহাগড়া উপজেলায় এক জনের করোনা শনাক্ত হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ তার পরিবারের চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, জেলায় এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২৭ জন পুলিশ সদস্য, ২৯ জন সেনা সদস্য ও ১৬ জন চিকিত্সক ও স্বাস্থ্য বিভাগের ৫৩ জনসহ সর্বমোট ৮৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার ও ১২ চিকিত্সকসহ ৫৬৪ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন।
উল্লেখ্য, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার গত ১৯ জুন করোনা পরীক্ষায় পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিত্সা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল আসে। এরপর গত ১৪ জুলাই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা সিজার করোনায় আক্রান্ত হওয়ার পর সু্স্থ হয়েছেন।
