স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় যুবাদের করোনা পরীক্ষা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০৩

বছরের শুরুতে আকবর আলীরা গোটা দেশকে ভাসিয়েছেন বিশ্বজয়ের আনন্দে। ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবর-রাকিবুলদের অধ্যায় শেষ। ২০২২ যুব বিশ্বকাপের জন্য নতুন যুব দল গঠন করতে হবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগকে। করোনার কারণে চার মাস পিছিয়ে গেছে বিসিবির সেই কার্যক্রম। গত এপ্রিলের ক্যাম্পটা অবশেষে আগামী ২২ আগস্ট অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হবে। বিকেএসপিতে অনুষ্ঠিত হবে চার সপ্তাহের ক্যাম্প।

এ জন্য ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। আপাতত হেড কোচ নাভিদ নেওয়াজকে পাওয়া যাচ্ছে না ক্যাম্পে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লকডাউন অবস্থান আছেন লঙ্কান এই কোচ। ইংলিশ ট্রেনার রিচার্ড স্টনিয়েরকে পাওয়ার সম্ভাবনাও কম। মহামারি করোনাই যার মূলে। তাই স্থানীয় কোচিং স্টাফ দিয়েই ক্যাম্প শুরু করে দিবে বিসিবি। তিন ভাগে মিরপুর স্টেডিয়ামে আসবে যুব দলের ক্রিকেটাররা। প্রথম ভাগটা ১৫ আগস্ট রাতেই আসবে শেরেবাংলায়। আগামী ১৬, ১৮, ২০ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে যুবাদের করোনা পরীক্ষা। বিসিবির মেডিক্যাল বিভাগের সমন্বয়ে সরকারের স্বাস্থ্যবিভাগের অনুমোদিত প্রতিষ্ঠান দিয়েই করোনা পরীক্ষা সম্পন্ন হবে। গতকাল এমন তথ্যই দিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এই এম কাওসার। বিকেএসপিতে আবাসিক ক্যাম্প পরিচালিত হবে যুবাদের। এই এম কাওসার বলেন, ‘২২ আগস্ট থেকে ক্যাম্প মানে মূল কার্যক্রম শুরু। তার আগে পূর্ব প্রস্তুতি আছে। কিছু কাজ করা হবে। ওরা তিনটা গ্রুপে আসবে। ২১ আগস্ট এই কাজগুলো সম্পন্ন হবে।’ চার সপ্তাহের ক্যাম্পের পর কিছুদিন বিরতি পড়বে। তারপর আবারও ক্যাম্প হবে। কারণ করোনা পরিস্থিতির উন্নতি না হলে সিরিজ খেলতে পারছে না যুবারা। তবে গেম ডেভেলপমেন্ট বিভাগের মূল টার্গেট এখন ক্যাম্প থেকে যুব দল গঠন করা। এবং তাদেরকে দল হিসেবে গড়ে তোলা।